এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, নতুন করে শুরু হচ্ছে খননকাজ

  • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ০৫:৫৮
  • আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ০৫:৫৮
1000299857

এম. হাসান, কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার ইনানীর ছোট ব্রিজ এলাকায় এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন অবশেষে নিয়ন্ত্রণে এনেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং বিশেষ ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাসের নির্গমন পথ পরিবর্তনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নেভানো গেলেও শেষ হয়নি কূপের খনন ও অনুসন্ধান কার্যক্রম। পরবর্তী ধাপে আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বাপেক্স সূত্রে জানা গেছে, কূপের আগুন নিয়ন্ত্রণে এলেও ভূগর্ভস্থ গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে রাখা এবং কূপের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কারিগরি ধাপ সম্পন্ন করতে হবে। এ জন্য পরবর্তী পর্যায়ে কূপে ড্রিল পাইপ প্রবেশ করিয়ে আরও এক হাজার ফুট গভীর পর্যন্ত খনন করা হবে। খননকালে ভূগর্ভস্থ গ্যাসের চাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কাদামিশ্রণ বা মাড ব্যবহার করা হবে।


সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নির্ধারিত গভীরতা পর্যন্ত খননকাজ শেষ হলে ভূগর্ভস্থ চাপের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজনীয় কাদামিশ্রণ প্রয়োগ করা হবে। এরপর গ্যাসের নিরাপদ ও স্থায়ী নির্গমনব্যবস্থা তৈরি করা হবে। পাশাপাশি ভূতাত্ত্বিক ও ভূকম্পন (সিসমিক) জরিপ পরিচালনা করে সংগৃহীত তথ্য বিশ্লেষণ ও মূল্যায়ন করা হবে। এসব পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই কূপটিতে গ্যাসের উপস্থিতি, মজুত ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ মাটির নিচ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে গ্যাসে আগুন ধরে যায়। পরে কূপের বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এরপর থেকে টানা এক মাস ধরে জ্বলছিল আগুন। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাপেক্সের প্রকৌশলী ও বিশেষজ্ঞ দল কয়েক ধাপে উদ্ধার ও কারিগরি কার্যক্রম পরিচালনা করে। সর্বশেষ ৩০ ইঞ্চি কেসিং স্থাপন এবং ডাইভার্ট লাইন সংযুক্ত করে গ্যাসের প্রবাহ অন্য পথে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। এর ফলে কূপের বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


তবে আগুন নিয়ন্ত্রণে আসাকে কূপটিতে নিশ্চিত গ্যাসের মজুত কিংবা বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়ার প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। পূর্ণাঙ্গ খননকাজ, ভূতাত্ত্বিক ও সিসমিক জরিপ এবং প্রাপ্ত তথ্যের বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পন্ন হওয়ার পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


দীর্ঘ এক মাসের আতঙ্ক ও অনিশ্চয়তার পর আগুন নিয়ন্ত্রণে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন কূপটির পরবর্তী খননকাজ, গ্যাসের মজুত নিরূপণ এবং অনুসন্ধানের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

Ad