কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেফতার ২
জিএম মাকছুদুর রহমান:
কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই তরুণকে গ্রেফতার করেছে র্যাব-১১ (সিপিসি-২)। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় নগরীর শাকতলা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা কোতোয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. ছামির ইসলাম (২০) এবং গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো. মনজুরুল ইসলাম (৩০)। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে র্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুইজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। মেজর সাদমান ইবনে আলম জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের দমনে র্যাব সদর দপ্তরের নির্দেশনার আলোকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



