ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে” — ড. শফিকুল ইসলাম মাসুদ

    • প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, রাত ০৮:১৮
    WhatsApp Image 2025-11-13 at 20.15.06_245f3585

    বাউফলে ড. শফিকুল ইসলাম মাসুদের গণসংযোগে জনতার ঢল

    বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

    বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, “কেউ যদি ফ্যাসিবাদীদের পুনর্বাসনের চেষ্টা করে, জনগণ নব্য ও পুরাতন ফ্যাসিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।”

    ক্ষমতায় গেলে গণহত্যাকারী রক্তে রঞ্জিত আওয়ামীলীগের সকল মামলা প্রত্যাহারের  বিএনপি মহাসচিবের ঘোষনার প্রতিবাদ করে বলেন , “বিএনপি এখন একটি দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। নিজেদের শক্তিতে দাঁড়ানোর পরিবর্তে তারা আওয়ামী ফ্যাসিবাদীদের পায়ের ভর করে টিকে থাকতে চায়। জনগণ ব্যালটের মাধ্যমে তাদের এই লজ্জাজনক অবস্থার জবাব দেবে।”

    বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বাউফল পৌরসভায় বিশাল গণমিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ড. মাসুদ আরও বলেন, “গণহত্যাকারীদের সঙ্গে আপোষ করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের রাজনীতি কখনোই বাইরের কারও নির্দেশে চলতে পারে না। কেউ কেউ বলে, তাদের নেতা চাইলে ৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতা নিতে পারতেন— অথচ তিনি এখনো দেশে আসাকে নিরাপদ মনে করেন না, নিজের দলের কাছেই বুলেটপ্রুফ গাড়ির নিরাপত্তা চান। যে নিজের নিরাপত্তা দিতে পারেন না, তিনি জনগণকে কীভাবে নিরাপত্তা দেবেন?”

    তিনি বলেন, “১৮ কোটি মানুষের নিরাপত্তা দিতে জামায়াতে ইসলামীই প্রয়োজন হলে গুলির মুখে দাঁড়াবে। আমাদের নেতারা হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু কখনোই দেশি-বিদেশি আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করেননি। ভবিষ্যতেও ভয়-ভীতি, রক্তচক্ষু কিংবা কেন্দ্র দখলের হুমকিতে আমরা পিছু হটব না।”

    ড. মাসুদ আরও জানান, “আমরা আবু সাঈদ, মুগ্ধ, নিজামী ও মুজাহিদের উত্তরসূরি হিসেবে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোটারদের সম্মান রক্ষা করব। আমাদের মা-বোনদের ইজ্জত রক্ষা, চাঁদাবাজমুক্ত বাউফল গঠন, বেকার তরুণদের কর্মসংস্থান, বগা সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে চলমান কার্যক্রম অব্যাহত রাখতে জনগণ দাড়িপাল্লায় ভোট দেবে।”

    পথসভায় বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যক্ষ মাওলানা কাজী আবদুল দাইয়ান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদওয়ানুল্লাহ মাস্টার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. লিমন হোসেন,পৌরসভার ৮ নং ওয়ার্ডের সভাপতি মো: হাফিজুর রহমানসহ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


    Ad