কিশোরগঞ্জে ভোজ্যতেল বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে অ্যাডভোকেসি সভা
রকি হাসান ,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা নিয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কিশোরগঞ্জ জেলা ক্যাবের সভাপতি আলম সারোয়ার টিটুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন রনি।সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইদুর রহমান। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন শ্রম মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম শফিকুজ্জামান। বিশেষ আলোচক ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সাবেক সিভিল সার্জন ও প্রিন্সিপাল ডা. আতিকুল সারোয়ার এবং আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সাব্বির আহমেদ রশিদ।
সভায় বক্তারা বলেন, ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে অনিরাপদ ড্রাম ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই বাজারে খোলা ভোজ্যতেল বিক্রিতে ব্যবহৃত অনিরাপদ ড্রাম পর্যায়ক্রমে বন্ধ করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি চালু করা প্রয়োজন।এ সময় ভোজ্যতেলসহ বিভিন্ন ভোক্তা পণ্যের গুণগত মান নিশ্চিত করা, বাজারে নিরাপদ পণ্য সরবরাহ এবং ভোক্তা অধিকার রক্ষায় সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাজারে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।



