এভিয়েশন গ্রাউন্ড অপারেশন ও ক্যারিয়ার নিয়ে প্রথমবারের মতো কর্মশালা আয়োজন

  • প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৩৫
  • আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৭:৩৫
1000275137

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের এভিয়েশন খাতে দ্রুত পরিবর্তন ও সম্প্রসারণের প্রেক্ষাপটে গ্রাউন্ড অপারেশন সম্পর্কে তরুণদের ধারণা দেওয়া এবং এ খাতে ক্যারিয়ার সম্ভাবনার সঙ্গে তাদের পরিচিত করতে দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে এভিয়েশন ডট কম ডট বিডি । ‘ইন্ট্রোডাকশন টু এভিয়েশন গ্রাউন্ড অপারেশন’ শীর্ষক কর্মশালাটি ২৬ সেপ্টেম্বর ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

দেশের বিমানবন্দর অবকাঠামো ও এভিয়েশন কার্যক্রমে সাম্প্রতিক সময়ে বিভিন্ন পরিবর্তন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে নতুন প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং বিমানবন্দরভিত্তিক বিভিন্ন সেবা সম্প্রসারণের ফলে এ খাতে দক্ষ জনবলের প্রয়োজনীয়তাও বাড়ছে।

এভিয়েশন ডট কম ডট বিডি জানায়, এভিয়েশন নিয়ে ক্যারিয়ার আলোচনায় সাধারণত পাইলট ও কেবিন ক্রু পেশাকে বেশি গুরুত্ব দেওয়া হলেও একটি বিমান অবতরণের পর থেকে পুনরায় উড্ডয়ন পর্যন্ত যাত্রীসেবা, ব্যাগেজ, কার্গো, এয়ারসাইড কার্যক্রম এবং বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট কার্যক্রমে বিপুলসংখ্যক পেশাজীবী যুক্ত থাকেন। এসব কার্যক্রম সম্পর্কে তরুণদের প্রাথমিক ধারণা দেওয়াই কর্মশালাটির অন্যতম উদ্দেশ্য।

কর্মশালার প্রথম পর্বে এভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট প্রফেশনাল (AvMP) মো. হারুনুর রশিদ এভিয়েশন গ্রাউন্ড অপারেশনের ওপর একটি প্রাথমিক প্রশিক্ষণ পরিচালনা করেন। এতে গ্রাউন্ড অপারেশনের বিভিন্ন কার্যক্রম, সংশ্লিষ্ট দায়িত্ব এবং এ খাতে কাজের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে বক্তব্য দেন এভিয়েশন খাতে ৩৭ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন মিসবাহ আল আহমেদ মাজুমদার। বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন ও এভিয়েশন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি নিজের ক্যারিয়ার যাত্রা, এভিয়েশন খাতের পরিবর্তন, সম্ভাব্য ক্যারিয়ার পথ এবং নিয়োগদাতাদের প্রত্যাশা সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি এ খাতে ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতা নিয়েও তিনি দিকনির্দেশনা দেন। পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

কর্মশালায় এভিয়েশন ডট কম ডট বিডির পক্ষ থেকে কয়েকটি নতুন উদ্যোগেরও ঘোষণা দেওয়া হয়। অংশগ্রহণকারীদের জন্য প্রতিষ্ঠানটির আসন্ন ‘এয়ারপোর্ট অ্যান্ড এয়ারলাইন গ্রাউন্ড অপারেশন ফাউন্ডেশন কোর্সে’ বিশেষ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া এভিয়েশন ডট কম ডট বিডি ও দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান M360ICT-এর অংশীদারত্বে Jobs360.aviation.com.bd নামে একটি বিশেষায়িত ক্যারিয়ার প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেওয়া হয়। প্ল্যাটফর্মটি এভিয়েশন, পর্যটন ও হসপিটালিটি খাতের নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীদের সংযুক্ত করার পাশাপাশি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার মাধ্যমে নিয়োগদাতাদের প্রয়োজন অনুযায়ী প্রাসঙ্গিক দক্ষ জনবল খুঁজে পেতে সহায়তা করবে। 

এভিয়েশন, পর্যটন ও হসপিটালিটি খাতের অভিজ্ঞ পেশাজীবীদের জ্ঞান ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ‘প্রজেক্ট: প্রমিথিউস’ নামে নতুন একটি উদ্যোগেরও ঘোষণা দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে অভিজ্ঞ পেশাজীবীদের প্রশিক্ষক ও মেন্টর হিসেবে কাজ করার সুযোগ তৈরিতে সহায়তা করবে এভিয়েশন ডট কম ডট বিডি।

এভিয়েশন ডট কম ডট বিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হারুনুর রশিদ বলেন, প্রতিষ্ঠানটি শুধু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না; বরং এভিয়েশন, পর্যটন ও হসপিটালিটি খাতের বিভিন্ন অংশীজনকে একটি প্ল্যাটফর্মে যুক্ত করে জ্ঞান, দক্ষতা ও সুযোগ বিনিময়ের একটি ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করছে। 

অনুষ্ঠানের শেষে বিশেষ বক্তা মিসবাহ আল আহমেদ মজুমদার, বাংলাদেশ এভিয়েশন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ, কর্মশালার ইভেন্ট সাপোর্ট পার্টনার M360ICT এবং মিডিয়া পার্টনার চেক ইন-এর প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে _25_ জন অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এভিয়েশন ডট কম ডট বিডি জানায়, এভিয়েশন খাতে দক্ষতা ও ক্যারিয়ার সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি তরুণ প্রজন্মকে এ শিল্পের বিভিন্ন সম্ভাবনার সঙ্গে পরিচিত করতে প্রতিষ্ঠানটি নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা, জ্ঞান বিনিময় ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের আগামী প্রজন্মের জন্য এভিয়েশন খাতে দক্ষতা উন্নয়ন ও শিল্পসংশ্লিষ্ট সুযোগ তৈরিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

Ad