বাংলাদেশের স্কুল পর্যায়ে প্রথম ‘SEERAH 360° Exhibition 2026’
আধুনিক ও অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনায় শিশুদের কাছে মহানবী ﷺ-এর জীবন ও আদর্শ
নিজস্ব প্রতিবেদক :
মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর জীবন, শিক্ষা, আদর্শ ও নেতৃত্বের ইতিহাস শিশুদের কাছে আধুনিক ও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে বাংলাদেশের স্কুল পর্যায়ে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘SEERAH 360° Exhibition 2026’।রাজধানীর ডেমরার মাতুয়াইলে অবস্থিত Wafaa Hifz International School এই প্রদর্শনীর আয়োজন করেছে। এতে মহানবী ﷺ-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় শিশুদের উপযোগী দৃষ্টিনন্দন ও অভিজ্ঞতাভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।প্রদর্শনীতে মহানবী ﷺ-এর জন্ম, শৈশব, কৈশোর ও যৌবন, নবুওয়াত লাভ, মক্কায় দাওয়াত ও নির্যাতন, হিজরত, মদিনার জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনা, বিভিন্ন ঐতিহাসিক ঘটনা এবং বিদায় হজ পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্থান পেয়েছে।আয়োজকরা জানান, সীরাত শিক্ষাকে শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে শিশুদের সামনে বাস্তব ও অভিজ্ঞতাভিত্তিকভাবে তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ কারণে প্রদর্শনীতে ব্যবহার করা হয়েছে 360° Diorama, 3D Visual, Video Presentation, Audio-Visual Contentসহ বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনা।এসব প্রযুক্তিনির্ভর উপকরণের মাধ্যমে মহানবী ﷺ-এর জীবনের ঘটনাবলি শিশুদের কাছে সহজ, জীবন্ত ও বোধগম্য করে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে তাঁর জীবন থেকে সততা, আমানতদারিতা, ধৈর্য, দয়া, ন্যায়বিচার, দায়িত্ববোধ, মানবসেবা ও নেতৃত্বের মতো গুরুত্বপূর্ণ মানবিক ও নৈতিক মূল্যবোধের শিক্ষা তুলে ধরা হয়েছে।
সীরাত শিক্ষায় নৈতিকতার গুরুত্ব
আয়োজকদের ভাষ্য, সীরাত শেখার উদ্দেশ্য কেবল ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানা নয়; বরং মহানবী ﷺ-এর জীবন ও কর্ম থেকে বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় নৈতিক ও মানবিক শিক্ষা গ্রহণ করা। একজন শিশুর চরিত্র গঠন, দায়িত্ববোধ ও নেতৃত্বের মানসিকতা তৈরিতে এসব মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।প্রতিষ্ঠানটির শিক্ষা দর্শনের অন্যতম অংশ ‘360° Holistic Development’ এবং ‘School of Leaders’ ধারণা। এ দর্শনের আলোকে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক, ধর্মীয়, সামাজিক, মানসিক ও নেতৃত্বগুণের বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
মদিনার সমাজ ও রাষ্ট্র পরিচালনার চিত্র
প্রদর্শনীতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মহানবী ﷺ-এর মদিনা পর্বের জীবন ও নেতৃত্বকে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, সামাজিক সংহতি, শান্তিপূর্ণ সহাবস্থান, মানুষের অধিকার রক্ষা এবং বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে চুক্তি ও সহযোগিতার বিষয়গুলো শিশুদের উপযোগী করে তুলে ধরা হয়েছে।আয়োজকদের আশা, প্রযুক্তি ও সৃজনশীল উপস্থাপনার সমন্বয়ে আয়োজিত এ প্রদর্শনী শিশুদের কাছে সীরাত শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তুলবে। পাশাপাশি মহানবী ﷺ-এর আদর্শ অনুসরণ করে নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



