সংঘর্ষে রণক্ষেত্র শাহবাগ–ইন্টারকন্টিনেন্টাল এলাকা

  • প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ০৯:১৩
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, পুলিশের লাঠিপেটা–সাউন্ড গ্রেনেড

ইমদাদুল হক,ঢাকা:

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড আহত অর্ধশতাধিক, আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা

জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবিতে রাজধানীতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন এলাকা। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক নেতা–কর্মী আহত হয়েছেন।


শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের পর সন্ধ্যা পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে শহীদ ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে দুই ভাগে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। নিরাপত্তাজনিত কারণে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের ব্যারিকেড ছিল।


আজ বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে একদল আন্দোলনকারী যমুনার সামনে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে জলকামান থেকে পানি ছোড়ে। পরে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি লাঠিপেটা করে। পাল্টা প্রতিক্রিয়ায় আন্দোলনকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও বোতল নিক্ষেপ করেন।


সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা, রাকসু জিএস সালাউদ্দিন আম্মারসহ বহু নেতা–কর্মী আহত হন।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে আহত হয়ে অর্ধশতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত, ফেটে যাওয়া ও থেঁতলে যাওয়ার চিহ্ন রয়েছে। তবে কোনো গুলিবিদ্ধ রোগী পাওয়া যায়নি। আহতদের মধ্যে মোশাররফ (৩২) নামে একজনকে ভর্তি করা হয়েছে।


ঘটনার বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা ঘেরাওয়ের চেষ্টা করেন এবং জলকামান ক্ষতিগ্রস্ত করার উদ্যোগ নেন। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হয়।


সংঘর্ষের পর বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-৮ আসনে ১১ দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে শাহবাগ পর্যন্ত প্রতিবাদ মিছিল বের করা হয়। পরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখেন ইনকিলাব মঞ্চের নেতা–কর্মীরা।


ইনকিলাব মঞ্চের নেতারা জানান, শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় জাতিসংঘের অধীনে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে

Ad