ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
স্টাফ রিপোর্টার :
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম জাহিদুল ইসলাম জাহিদের জন্ম ১ জানুয়ারি ১৯৯৮ সালে পটুয়াখালী জেলার দমকি উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে। তাঁর পিতা মোঃ মোতাহার ফকির এবং মাতা ছালেহা বেগম। তিনি বিবাহিত ছিলেন।শিক্ষাজীবনে তিনি তেজগাঁও কলেজ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তিনি ২৬ নং ওয়ার্ড তেজগাঁও থানা ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে রাজনীতি শুরু করেন এবং পরবর্তীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।২০১৮ সালে ঢাকা-১২ আসনের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে তিনি ছাত্রলীগের হামলার শিকার হন। বিএনপির দুর্দিনে নানা কঠিন কর্মসূচিতে তিনি সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন।প্রায় দুই বছর ধরে তিনি ব্লাড ক্যান্সারের সঙ্গে জীবনযুদ্ধ করে আসছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ পিজি হাসপাতালে ১৯ দিন ভর্তি থাকার পর আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তাঁর মৃত্যুতে সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের পাশাপাশি একটি আক্ষেপও রয়ে গেছে—দীর্ঘ অসুস্থতার সময় তিনি দলীয়ভাবে প্রত্যাশিত সহযোগিতা পাননি এবং তাঁর পরিবার একাই কঠিন এই লড়াই চালিয়ে গেছে।মোঃ জাহিদুল ইসলাম জাহিদের মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।



