ডা. মোস্তাফিজুর রহমান ইরানের বক্তব্যের নিন্দা, ক্ষমা প্রার্থনার আহ্বান ছাত্র জমিয়তের

  • প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, দুপুর ০৪:১৩
  • আপডেট: ২৬ জুলাই ২০২৬, দুপুর ০৪:১৩
WhatsApp Image 2026-07-25 at 11.44.10 PM

সিলেটে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান কর্তৃক জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে নিয়ে দেওয়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। একই সঙ্গে তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।শনিবার (২৫ জুলাই) এক যৌথ বিবৃতিতে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী এবং সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, সিলেটের কৃতি সন্তান, বিশিষ্ট আলেম ও সদরে জমিয়ত মাওলানা উবায়দুল্লাহ ফারুকের একটি বক্তব্যকে কেন্দ্র করে ডা. মোস্তাফিজুর রহমান ইরান যে ভাষা ব্যবহার করেছেন, তা দায়িত্বজ্ঞানহীন, রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন শীর্ষ রাজনৈতিক নেতার মুখে অবমাননাকর উপমা ও উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য কাম্য হতে পারে না।বিবৃতিতে তারা বলেন, মতপার্থক্য থাকতেই পারে। তবে মতপার্থক্যের জবাব কখনো ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি বা অশালীন ভাষায় দেওয়া সভ্য রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে আলেম-উলামার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে বলেও তারা উল্লেখ করেন।তাদের ভাষ্য, এসব বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ধর্মীয় নেতৃত্বের মর্যাদা ক্ষুণ্ন করার একটি অশুভ প্রবণতার বহিঃপ্রকাশ।ছাত্র জমিয়তের দুই নেতা আরও বলেন, যারা সমাজে নৈতিকতা, সুশাসন ও সৎ নেতৃত্বের কথা বলেন, তাদের বক্তব্য ও আচরণেও সেই নৈতিকতার প্রতিফলন থাকা উচিত। অথচ নৈতিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের জোটেরই একজন জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে। তাই অন্যের প্রতি অবমাননাকর ভাষা প্রয়োগের আগে আত্মসমালোচনা ও সংযম প্রদর্শনই অধিকতর সমীচীন।বিবৃতিতে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের প্রতি অবিলম্বে তার আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, দেশের আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়।একই সঙ্গে দেশের সব রাজনৈতিক নেতা ও জননেতার প্রতি পারস্পরিক সম্মান, শালীনতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার এবং আলেম-ওলামার মর্যাদা ক্ষুণ্ন করে সমাজে বিভেদ সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায় ছাত্র জমিয়ত বাংলাদেশ।

বার্তা প্রেরক 

আহমাদ আল গাজী 

প্রচার সম্পাদক: ছাত্র জমিয়ত বাংলাদেশ

Ad