জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অধিকার নিশ্চিতের দাবি, প্রতিমন্ত্রীর পদে বহাল রাখার আহ্বান
পারুল আক্তার, ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহীদ পরিবারের চিকিৎসা, পুনর্বাসন, আর্থিক নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে জুলাই যোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমিটির দুই গ্রুপ। একই সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বর্তমান পদে বহাল রাখার বিষয়টি বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। আর প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আনা হলে শহীদ পরিবারের মধ্য থেকে একজন যোগ্য ব্যক্তিকে এ দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জুলাই যোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইমরান হুসাইন জনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়ে এখনো শারীরিক ও মানসিক যন্ত্রণা বহন করছেন এবং যেসব পরিবার তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের যথাযথ সম্মান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
লিখিত বক্তব্যে জুলাই সনদ প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানানো হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কার্যকর আলোচনা, স্বচ্ছতা এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে শুধু প্রতিশ্রুতি নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
আহত জুলাই যোদ্ধাদের জন্য বিনামূল্যে বা সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা, অস্ত্রোপচার, প্রয়োজনীয় ওষুধ এবং পুনর্বাসনমূলক চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। পাশাপাশি তাঁদের শারীরিক সক্ষমতা অনুযায়ী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আহ্বান জানানো হয়।
শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবসম্মত আর্থিক সহায়তা, প্রযোজ্য ভাতা এবং দীর্ঘমেয়াদি সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণের দাবি তোলেন তাঁরা। শহীদ পরিবারের সন্তানদের শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা এবং যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার কথাও বলা হয়।
সংবাদ সম্মেলনে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে বলা হয়, প্রকৃত আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা যেন কোনো ধরনের বৈষম্য, হয়রানি কিংবা অনিয়মের শিকার না হন। তাঁদের সমস্যা দ্রুত সমাধানে কার্যকর অভিযোগ গ্রহণব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করারও আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের মতামত, অভিজ্ঞতা এবং ন্যায্য প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। তাঁদের মূল লক্ষ্য ব্যক্তিগত স্বার্থ নয়; বরং ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা।
সংবাদ সম্মেলন থেকে গণমাধ্যমের প্রতি আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের দাবিগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানানো হয়, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

.webp)

