কানামাছি ও কম্প্রোমাইজের রাজনীতি জনগণ দেখতে চায় না। জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

  • প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১১:৪৫
  • আপডেট: ২৬ আগস্ট ২০২৬, দুপুর ১১:৪৫
1000261822

নিজস্ব প্রতিবেদক:

সরকার ও বিরোধী দলকে জনগণের সামনে এক ধরনের রাজনৈতিক অবস্থান দেখিয়ে পরে পরস্পরের সঙ্গে সমঝোতার রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। তার ভাষ্য, কানামাছি খেলে ও গোপনে সমঝোতা করে রাজনীতি করার সংস্কৃতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ কনভেনশনে তিনি এসব কথা বলেন।

মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, ‘সরকার ও বিরোধী দলকে উলামায়ে কেরামের মতামত বুঝতে হবে। এটা এমন না যে, মানুষকে দেখানোর জন্য আপনারা সরকারি দল ও বিরোধী দল কানামাছি খেলবেন, আবার রাতে মিট করবেন। এ ধরনের কম্প্রোমাইজের রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সরকার যেন মনে না করে, এ দেশের আহলে হক উলামায়ে কেরামকে শুধু ভোটের আগে প্রয়োজন, ভোটের পরে প্রয়োজন নেই। নির্বাচনের সময় পরিস্থিতি বুঝে উলামায়ে কেরাম যার যার মতো করে চলেছেন। তবে হক ও হক্কানিয়াতকে শক্ত করে ধরে থাকার প্রশ্নে মাশায়েখ ও উলামায়ে কেরামের মধ্যে কোনো বিভাজন নেই।’

জমিয়ত মহাসচিব আরও জানান, দেশের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতের ভিত্তিতে যে নেতৃত্ব তৈরি হবে, তারা সেই নেতৃত্বকে গ্রহণ করবেন।

‘যে নেতৃত্ব দেশের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতের অধীনে তৈরি হবে, সে নেতৃত্বকে আমরা চুমু দিয়ে গ্রহণ করব। বিপরীতে যে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো ভ্রান্ত মতাদর্শের কোলে উঠতে হয়, সে নেতৃত্ব আমরা মানতে পারব না’— যুক্ত করেন তিনি।

Ad