কুমিল্লায় হামের সংক্রমণে বাড়ছে মৃত্যুর মিছিল
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক মাসে জেলায় পরীক্ষা করা ৬৯ জনের মধ্যে ১৮ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন শিশুর অবস্থা গুরুতর হয়ে ওঠে, এবং ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির জানান, মৃতদের একজন সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুইজন তিতাস উপজেলার বাসিন্দা। তিনি আরও বলেন, সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে, যা নিয়ে স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন। বর্তমানে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ১২ দিনে ২৫ জন হাম আক্রান্ত শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর উন্নত চিকিৎসার জন্য ২ জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এখনো ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরিস্থিতি মোকাবেলায় আক্রান্তদের শনাক্ত করে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে রোগীদের আলাদা রেখে চিকিৎসা নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষও বাড়তি সতর্কতা হিসেবে হাম আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ড চালু করেছে।



