দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য জরুরি—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

  • প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, রাত ০৯:২২
  • আপডেট: ০৩ আগস্ট ২০২৬, রাত ০৯:২২
1000251681

নিজস্ব প্রতিবেদক:

তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে সোস্যাল জাষ্টিস ফোরাম আয়োজিত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্য জরুরি। 


তিনি দুদককে বিরোধী পক্ষের জন্য দুশমন দমন কমিশন ও সরকারের জন্য দুধ দই কলার এই প্রবাদ থেকে মুক্ত করে সরকারের প্রভাবমুক্ত সম্পুর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশনের গঠনের দাবিতে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলতে দেশবাসীর নিকট আহ্বান জানান। 


আবদুল্লাহ আল মাহমুদ শোয়েবের সভাপতিত্বে মতবিনিময় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক সচিব কাসেম মাসুদ, উনসত্তরের গণঅভ্যুত্থানের ছাত্রনেতা নজরুল ইসলাম খান, খান মজলিস, জাতীয় তরুণ সংঘের সভাপতি ফজলুল হক, অধ্যাপক ড. ক‍্যাপ্টেন রেজা, সিনিয়র এড. মইনুদ্দীন, এড. জিয়াউর রহমান, প্রিন্সিপাল এম আর করিম, আক্তার হোসেন, আবু আহাদ নূর, খান এ রায়হান প্রমুখ।


তিনি বলেন, আজ আমাদের সবচেয়ে বড় সংকট অর্থের নয়, নৈতিকতার। সবচেয়ে বড় অভাব সম্পদের নয়, সততার। সবচেয়ে বড় দুর্ভাগ্য নেতৃত্বের নয়, নেতৃত্বের ভিতরে নৈতিকতার সংকট। 


নশ্বর পৃথিবীর ক্ষণস্থায়ী স্বার্থে জাতীয় বেঈমান, মুনাফেক, লুটেরা, দুর্বৃত্তদের রক্ষায় বিভিন্ন দল ও গোষ্ঠীর আপস-মীমাংসা দেশের মজলুম জনগণ আর মেনে নেবে না।


তিনি দুঃখ করে বলেছেন, আমরা কি সন্তানদের দেশপ্রেম, সততা, মানবিকতা শেখাচ্ছি, নাকি কেবল সফলতার শর্টকাট শেখাচ্ছি? আমরা কি দুর্নীতিকে ঘৃণা করি, নাকি সুযোগ পেলে নিজেরাও দুর্নীতি করি। 


তিনি বলেন, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি বিশ্বাস করে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে কেবল আইন প্রণয়ন যথেষ্ট নয়, প্রয়োজন ব‍্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র-সকলস্তরে দেশপ্রেমের নৈতিক জাগরণ। 


মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালন ও পরকালীন মুক্তির জন্য আমিত্ব বাদ দিয়ে নিজ ঘর, পরিবার, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও পরিচিত সকল দুর্নীতিবাজকে চরম ঘৃণা করা এবং দুর্নীতিবাজদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা প্রতিটি মানুষের ঈমানী দায়িত্ব।


মিথ্যাচার, উশৃঙ্খলতা ও স্বার্থপরতা মানবজাতির নিকৃষ্টতম অপরাধ। 


তিনি বলেন, ব‍্যক্তি বদলালে পরিবার বদলায়, পরিবার বদলালে সমাজ বদলায়, সমাজ বদলালে রাষ্ট্রও পরিবর্তিত হয়। 


সংস্কারবিরোধীগণ নিজ দল সংস্কারে চরমভাবে পর্যুদস্ত। তিনি চিরদিনের জন্য স্বৈরশাসকমুক্ত সকলের জন্য বাসযোগ্য রাষ্ট্র প্রতিষ্ঠায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সকল নাগরিকের স্বনামে-বেনামে সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করার বিধান অবিলম্বে কার্যকর করার আহ্বান জানান।


তিনি বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য দলদাসমুক্ত, সৎ সাহসী, সত্যবাদী ও সকল নিবেদিত দেশপ্রেমিকদের জাতীয় ঐক্যের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

Ad