গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠন ও মজুরি বৃদ্ধির দাবিতে জি-এফওপির সংবাদ সম্মেলন

  • প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ০২:৫৪
  • আপডেট: ১৯ অক্টোবর ২০২৬, দুপুর ০২:৫৪
1000284278

নিজস্ব প্রতিবেদক:

গার্মেন্টস শিল্প খাতে মজুরি বোর্ড পুনর্গঠন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ (জি-এফওপি)।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের ৩য় তলার মাওলানা আকরম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির নেতারা গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শ্রমিকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, শ্রমিকদের জীবনমান উন্নয়নে ন্যায্য মজুরি, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি, শিক্ষা, চিকিৎসা, নিরাপদ কর্মপরিবেশ, শিশুশ্রম প্রতিরোধ এবং শ্রমিকদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা অভিযোগ করেন, গার্মেন্টস শিল্পে মজুরি বৃদ্ধি ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবিকে ঘিরে বিভিন্ন সময়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তাঁদের দাবি, শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গার্মেন্টস শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। এ খাতে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিকের জীবনমান উন্নয়ন এবং শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।

সংগঠনটির নেতারা মজুরি বোর্ড পুনর্গঠন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির পাশাপাশি শ্রমিক সংগঠনগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিল্প খাতে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

সংবাদ সম্মেলনে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। তাঁরা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গার্মেন্টস শিল্পে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।

Ad