কুমিল্লা বিভাগ বাস্তবায়নে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশ: ১৬ মে ২০২৬, দুপুর ০৪:২৭
  • আপডেট: ১৬ মে ২০২৬, দুপুর ০৪:২৭
1000199070

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:


কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে শনিবার (১৬ মে) দুপুরে এক পথসভার আয়োজন করা হয়। কুমিল্লা-চাঁদপুর সড়কের পাশে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি আশ্বাস দেন, জনগণের দাবি যদি সত্যি হয়ে থাকে, তবে 'কুমিল্লা বিভাগ' বাস্তবায়ন করা হবে। সেই সাথে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে দ্রুত উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ​পথসভায় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালে হানাদারদের হাত থেকে যেভাবে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল, ঠিক সেভাবেই দেশের মানুষ এবার এক বিশাল স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়েছে। তবে শুধু মুক্তি পেলেই হবে না, এখন প্রধান কাজ হলো দেশকে নতুন করে পুনর্গঠন করা ও সামনের দিকে এগিয়ে নেওয়া। আমাদের কাছাকাছি সময়ে স্বাধীন হওয়া পৃথিবীর অন্য অনেক দেশ আজ আমাদের চেয়ে অনেক দূর এগিয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। ​সরকারের চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের লক্ষ্য এখন বেকার সমস্যা সমাধান করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। পাশাপাশি দেশের মানুষের ব্যবসা-বাণিজ্য ও চাকরির নিশ্চয়তা তৈরি করা, শিক্ষা ও অর্থনীতিতে মা-বোনদের স্বাবলম্বী করা এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করার ওপর জোর দেন তিনি। ​বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে দাবি করে তারেক রহমান বলেন, "আমরা জনগণকে বলেছিলাম খাল খনন করব, সেই কাজ শুরু হয়েছে। মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি ইমামদের জন্য সম্মানীর ব্যবস্থাও শুরু করা হয়েছে।" সরকার পরিচালনার দায়িত্বে থাকলে বিএনপি সব ওয়াদা অক্ষরে অক্ষরে পূরণ করে উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ, নির্বাচনের আগে দেওয়া প্রতিটি ওয়াদাই পর্যায়ক্রমে পূরণ করা হবে।

Ad