টাঙ্গাইল–৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর ‘জনতার সংযোগ’ ফোন বুথ স্থাপন

  • প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকাল ০৬:৫২
12

সুলতান কবির,টাঙ্গাইল :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল–৫ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদারে চালু করেছেন ‘জনতার সংযোগ’ ফোন বুথ।

এই বুথের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তার সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা, অভিযোগ ও প্রয়োজন জানাতে পারবেন। এতে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যকার দূরত্ব কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

জানা গেছে, টাঙ্গাইল–৫ আসনে মোট ৩০টি ফোন বুথ স্থাপন করা হবে। এর মধ্যে ১২টি ইউনিয়নে ১২টি এবং পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৮টি বুথ বসানো হবে।

দাইন্না ইউনিয়নে ফোন বুথ উদ্বোধনকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,

“একটি বাটন চাপলেই আমার ফোনে সংযোগ হবে। যেকোনো মানুষ সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। নির্বাচিত হলে আর কারো মাধ্যমে আমার কাছে আসতে হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে আগামী পাঁচ বছর জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।

এদিকে টাঙ্গাইলের উন্নয়নে তিনি ২৩ দফা পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন। টাঙ্গাইলকে নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক মডেল নগর হিসেবে গড়ে তোলাও তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।

স্থানীয়দের মতে, এই উদ্যোগ টুকুকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে এসেছে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।

Ad