১৭ বছরে জ্বালানি-বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি: শামা ওবায়েদ
আবুল কাশেম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, গত ১৭ বছরে দেশের সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে। এসব খাত থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে। বর্তমানে তারা বিদেশে বসে সেই অর্থ ভোগ করছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের সংকটে ভুগছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদপুরের সালথা সদর বাজারের বাইপাস সড়কে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, “আজ আমরা যে জ্বালানি সংকটে ভুগছি, এর জন্য স্বৈরাচার আওয়ামী লীগ দায়ী। বিগত অন্তর্বর্তী সরকারও বিদ্যুৎ ও জ্বালানি খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। আমরা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ৪৮ বছর বিএনপি দেশের মানুষের জন্য কাজ করে আসছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, দেশ সংকটে পড়েছে, তখনই বিএনপি সবার আগে মানুষের পাশে দাঁড়িয়েছে।
নতুন বাংলাদেশ ও নতুন ভবিষ্যতের কথা যারা বলছেন, তাদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, “বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব—সব কিছুর সঙ্গে বিএনপি'র অবদান রয়েছে। বর্তমানে বিএনপি দেশের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে।
আলোচনা সভা শেষে কেক কাটা, বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মধ্য দিয়ে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন শামা ওবায়েদ।
উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



