গাঁজাসহ সচিবালয় মেট্রো স্টেশন থেকে নারী গ্রেফতার
রাজিবুল হক রনি :
রাজধানীর সচিবালয় মেট্রো স্টেশনে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শিউলি বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মাস ট্রানজিট অ্যান্ড র্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটের দিকে স্টেশনের কনকোর্স-০১ এর 'সি' গেট সংলগ্ন প্রবেশ পথ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এমআরটি পুলিশের কনস্টেবল আসাদ ও কনস্টেবল সাগরের সমন্বয়ে গঠিত একটি দল স্টেশনের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় উক্ত সন্দেহভাজন নারীকে তল্লাশি করে। এ সময় তার সঙ্গে থাকা একটি বড় ফ্যামিলি ব্যাগ ও একটি শপিং ব্যাগে বিশেষ কায়দায় লুকানো মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত শিউলি বেগম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কুতুবপুর (কাঁচপুর) এলাকার মৃত রুহুল আমিনের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ জানায়, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ তাকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।



