নতুন প্রজন্মের মাঝে শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, সঠিক বানান, উচ্চারণ ও ব্যাকরণের প্রয়োগ ছড়িয়ে দেওয়ার প্রত্যয়
সৈয়দ মোঃ মাসুদ , রাজশাহী:
রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ বাছাই পদের প্রতিযোগিতা। শিক্ষার্থীদের শপথ গ্রহণের মধ্য দিয়েই সূচনা হয় মেধা যাচাইয়ের এই মহারণ।
রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ষষ্ঠ থেকে দশম শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেয়। প্রথম পর্বে এমসিকিউ, সিকিউ, বানান শেখা ও হাতের লেখাভিত্তিক পরীক্ষার মাধ্যমে চলে মেধার লড়াই। প্রাথমিক বাছাই পর্ব শেষে চূড়ান্ত পর্বে ঢাকায় যাবার সুযোগ পাবে রাজশাহী বিভাগের সেরা বাংলাবিদরা।
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের এই ব্যাপক অংশগ্রহণ আগামী দিনে শুদ্ধ বাংলা চর্চা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের মাঝে ভাষার সঠিক মান বজায় রাখতে সামনে আরও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
"নতুন প্রজন্ম যেন নিজ মাতৃভাষাকে সঠিকভাবে জানতে পারে এবং প্রয়োগ করতে পারে, সেজন্য আমরা এই আয়োজন করে আসছি। বাংলা ভাষার সঠিক চর্চায় সামনে আরও নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।"
বিভাগীয় পর্বের সেরা প্রতিযোগীরা পরবর্তীতে সুযোগ পাবে ঢাকার মূল মঞ্চে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সেরা প্রতিদ্বন্দ্বিতা করার।



