বিপ্লবী তিতুমীর বেঁচে থাকবেন বাংলার মাটি ও মানুষের হৃদয়ে—সারোয়ার ওয়াদুদ চৌধুরী

  • প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:৪০
  • আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, বিকাল ০৭:৪০
1000295385

বৃটিশ বিরোধী মহান বিপ্লবী ঐতিহাসিক তিতুমীর বিদ্রোহের মহানায়ক সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তাঁর আত্মার চির শান্তি কামনা করি।


তিতুমীরের আন্দোলন, সংগ্রাম, কর্মকাণ্ড এবং জীবনাদর্শ সব কিছুকেই আমাদের মূল্যায়ন করতে হবে ঔপনিবেশিক পটভূমিতে। 


এই বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৫৭ সালে পলাশী যুদ্ধে জয়ী হবার সুবাদে প্রথম রাজনৈতিক ক্ষমতা গ্রহণ করে এবং সেখান থেকেই ক্রমাগত সারা উপমহাদেশে তাদের রাজ্যসীমা সম্প্রসারিত করে। আবার এই বাংলা থেকেই ইংরেজ রাজত্বের বিরুদ্ধে শুরু হয় প্রতিরোধ আন্দোলন।


বাঁশের কেল্লা ও বারাসাত বিদ্রোহ ছিল তিতুমীরের নেতৃত্বে বাংলার দরিদ্র কৃষকদের এক ঐতিহাসিক সশস্ত্র প্রতিরোধ, যা জমিদার, নীলকর ও ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের শোষণের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল।


শহীদ তিতুমীর জীবন শুরু করেন একজন সমাজ ও ধর্মীয় সংস্কারক হিসাবে। 


তখন মুসলমান সমাজে যেসব বিদআত (এমন রীতি যা ইসলামসম্মত নয়) এবং শিরক (আল্লাহ ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে সাব্যস্ত করা বা তার উপাসনা করা) প্রবেশ করে, সেগুলোকে দূর করার উদ্দেশ্য নিয়েই তিনি তার কাজ শুরু করেন। কিন্তু এই ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপট পরে একটা অর্থনৈতিক এবং ব্রিটিশ বিরোধী প্রেক্ষাপটে পরিণত হয়।


১৭৮২ সালের ২৭ জানুয়ারি মীর নিসার আলী তিতুমীর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাগজোলা পঞ্চায়েতের চাঁদপুর গ্রামে একটি সুন্নী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রুকাইয়া খাতুন। তিতুমীরের পূর্বপুরুষরা ইসলাম প্রচারের উদ্দেশ্যে আরব দেশ থেকে ভারতে এসেছিলেন। কারও কারও মতে তার পূর্বপুরুষেরা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী (রা.) এর বংশধর।

প্রথম দিকে তিনি গ্রামের একটি স্কুলে পড়ালেখা করতেন। পরে তিনি স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হন। ১৮ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের একজন হাফেজ হয়ে যান। একই সঙ্গে কোরআন, হাদিস ও ইসলামী জ্ঞানের উপর তিনি পাণ্ডিত্য অর্জন করেন। এছাড়া বাংলা, আরবি ও ফার্সি ভাষায় তার ভালো দক্ষতা ছিল। 


১৮৮২ সালে তিনি হজ্জ করতে সৌদি আরব ভ্রমণে যান। সেখানে ইসলামি চিন্তাবিদ সৈয়দ আহমেদ বেরলভির প্রভাবে হজ্জ থেকে ফিরে এসে নদীয়া ও চব্বিশ পরগনার মুসলমানদের কাছে ধর্মপ্রচার শুরু করেন।


এই সময় স্থানীয় জমিদার ও ভূস্বামীদের বিরুদ্ধে গ্রামের নিপীড়িত অসহায় কৃষকদেরকে সংগঠিত করতে লাগলেন। মসজিদ ও দাড়ির উপর কর দাবি করার প্রতিবাদ করেন। স্থানীয় জমিদারদের নির্যাতনের বিরুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তিনি অভিযোগ দাখিল করে বিচার না পেয়ে জমিদারদের সঙ্গে তিনি দ্বন্দ্বে জড়িয়ে তিতুমীর অনুসারীদের নিয়ে একটি মুজাহিদ দল গঠন করেন। তিতুমীরকে প্রতিরোধ করতে তারা ব্রিটিশদের সঙ্গে হাত মিলায়। স্থানীয় জমিদারদের সহযোগিতায় ব্রিটিশ সৈন্যরা তিতুমীরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। কিন্তু তিতুমীর অত্যন্ত দক্ষতার সঙ্গে তাদের বার বার পরাজিত করেন।


বৃটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী, উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম মহানায়ক শহীদ তিতুমীর সবচেয়ে বেশি বিখ্যাত তার ঐতিহাসিক বাঁশের কেল্লার জন্য। যেখান থেকে তিনি তার অনুসারীদের নিয়ে বৃটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলেছিলেন। এ বিদ্রোহে তিতুমীরের পক্ষে তিরাশি হাজার কৃষকসেনা অংশ নেন। তিতুমীরের অপ্রতিরোধ্য শক্তির মোকাবেলায় বৃটিশ রাজ কেঁপে উঠে। ইষ্ট ইন্ডিয়া কোম্পানি তাকে দমনে ভারী অস্ত্রে সুসজ্জিত বাহিনী পাঠায়। 


১৮৩১ সালের ২৩ অক্টোবর তিতুমীর ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে তিনি বারাসাত শহরের কাছে নারিকেল বাড়িয়ায় ঐতিহাসিক বাঁশের কেল্লা তৈরি করে ভারতের স্বাধীনতা ঘোষণা করেন। একসময় চব্বিশ পরগণা, নদীয়া ও ফরিদপুর তিতুমীরের নিয়ন্ত্রণে চলে আসে। তিতুমীরের অনুসারীদের গেরিলা আক্রমণের ফলে অনেকগুলো যুদ্ধে জমিদার ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ বাহিনী পরাজিত হয়।


১৩ নভেম্বর ১৮৩১ সালে, ব্রিটিশ সেনাবাহিনী তিতুমীরের বাঁশের কেল্লাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তিতুমীর তার অনুসারীদের স্বাধীনতার আহ্বান জানিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত করেন। ১৪ নভেম্বর কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কেল্লায় আক্রমণ চালায়। তিতুমীর ও তার অনুসারীরা প্রতিরোধ গড়ে তোলেন। বৃটিশদের কামান গোলায় কেল্লা বিধ্বস্ত হয় এবং ১৯ নভেম্বর, তিতুমীর ও তার অসংখ্য অনুসারী যুদ্ধরত অবস্থায় বীরত্বের সঙ্গে লড়াই করতে করতে অগনিত অনুসারীসহ শাহাদাত বরণ করেন। এই ঘুদ্ধে জীবিত তিতুমীরের সেকেন্ড-ইন কমান্ডার গোলাম রসুলকে ফাঁসি এবং ৩৫০ জন যুদ্ধবন্দীদের যাবজ্জীবন কারাদণ্ড দেয় ব্রিটিশ শাসকগোষ্ঠী।


তিতুমীরের আত্মত্যাগ ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পরবর্তীতে ঢাকার মহাখালীতে সরকারি তিতুমীর কলেজ, এছাড়া বুয়েটের একটি হলের নামকরণ করা হয় তিতুমীর হল, খুলনায় রূপসা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি, খুলনায় রূপসা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি-বানৌজা তিতুমীর, রাজশাহী ও নীলফামারীর চিলাহাটির মধ্যে চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন-তিতুমীর এক্সপ্রেস, বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজের নামকরণ করা হয় বিএনএস তিতুমীর, ভারত (পশ্চিমবঙ্গ) তিতুমীর সেন্ট্রাল বাস টার্মিনাল-উত্তর চব্বিশ পরগনার বারাসাত শহরের চাপাডালি মোড়ে অবস্থিত প্রধান বাস টার্মিনাল।


তিতুমীর ছিলেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের এক অন্যতম প্রেরণার উৎস। তার এই দুঃসাহসিক সংগ্রাম ও আত্মত্যাগ নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন প্রেরণার উৎস হিসেবে তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন বাংলার মাটি ও মানুষের হৃদয়ে।


লেখকঃ সারোয়ার ওয়াদুদ চৌধুরী, লেখক, গবেষক।

Ad