প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে উৎসবমুখর পরিবেশ
জিএম মাকছুদুর রহমান:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ১০৪ কিলোমিটারজুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে একনজর দেখা এবং অভিবাদন জানাতে মহাসড়কের পাশে অবস্থান নিয়েছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় সড়কপথে ঢাকা থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন পয়েন্টে ঢোল-বাদ্য বাজিয়ে এবং দলীয় স্লোগানে স্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন নেতাকর্মীরা। সকাল ৯টা থেকেই মহাসড়কের উত্তর পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর প্রস্তুতি নেন। মহাসড়কের দাউদকান্দিতে কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে এবং দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ অসংখ্য নেতাকর্মী মহাসড়কের পাশে অবস্থান নেন। চান্দিনায় স্থানীয় সংসদ সদস্য আতিকুল ইসলাম শাওনের নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কের পাশে অবস্থান করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এছাড়া মহাসড়কের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট নিমসার কলেজের পূর্বপ্রান্তে স্থানীয় সংসদ সদস্য জসীম উদ্দিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি বড় বহর অবস্থান নেয়। এদিকে নিমসারের জুনাব আলী কলেজ গেট থেকে শুরু করে পশ্চিম দিকের মিল গেট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেন এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা। স্থানীয় শিক্ষানুরাগী মো. গোলাম সারোয়ারের পক্ষে বুড়িচং মোকাম ইউনিয়নের তিন সহস্রাধিক বিএনপি কর্মী ও সমর্থক প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাতে মহাসড়কের এই অংশে অবস্থান নেন এবং এ সময় তারা নিমসার জুনাব আলী কলেজটি জাতীয়করণের জোরালো দাবি জানান।অন্যদিকে, মহাসড়কের পদুয়ার বাজার এবং আলেখারচর অংশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি ও কুমিল্লা মহানগর বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অবস্থান নেন। স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে সড়কে অবস্থান করেন। পাশাপাশি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বেও রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো কুমিল্লা অঞ্চলজুড়ে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।



