ফরিদপুরের ভাঙ্গায় র্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ
জাকিব আহমেদ জ্যাক, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।র্যাব-১০-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৯ জুলাই) দুপুর প্রায় ২টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে মালিগ্রাম বাজারের দক্ষিণ পাশে একটি কাভার্ড ভ্যানের কাছে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন অজ্ঞাত ব্যক্তি গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।র্যাব জানায়, পলাতক ব্যক্তিরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।উদ্ধারকৃত গাঁজা ও জব্দকৃত কাভার্ড ভ্যান আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।র্যাব-১০ জানায়, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

