উখিয়ায় মাইক্রোবাসের ইঞ্জিন কভারে মিলল ১৪ হাজার ইয়াবা, চালক আটক

  • প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২৩
  • আপডেট: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ০৪:২৩
WhatsApp Image 2026-11-28 at 3.17.38 PM

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় অভিনব কৌশলে মাইক্রোবাসের ইঞ্জিন কভারের নিচে লুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. রহমত উল্লাহ (৩৯) নামে এক মাইক্রোবাসচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস, মোবাইল ফোন ও একটি এলইডি ডিসপ্লে।শনিবার (২৮ নভেম্বর) সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস উখিয়ার ইমামের ডেইল বিজিবি চেকপোস্টে পৌঁছালে নিয়মিত তল্লাশির সময় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।আটক রহমত উল্লাহ টেকনাফের শাহপরীর দ্বীপ গ্রামের মো. ইয়াকুব আলীর ছেলে।উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চেকপোস্টে মাইক্রোবাসটি তল্লাশির একপর্যায়ে সামনের অংশের ইঞ্জিন কভারের নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট পাওয়া যায়। পরে সেগুলো খুলে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক স্বীকার করেছেন, শাহপরীর দ্বীপ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি বিস্তারিত তল্লাশি করেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।বিজিবি অধিনায়ক বলেন, এ মাদক পাচারের সঙ্গে জড়িত সরবরাহকারী ও অন্যান্য চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Ad