১৯ প্রবাসীর অকালমৃত্যুতে প্রবাসী দলের আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৯ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রাজধানীর পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের কেন্দ্রীয় সভাপতি, লেখক, কলামিস্ট ও রাজনীতিবিদ কালাম ফয়েজী। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম জমাদ্দার। এছাড়া প্রবাসী দলের সিনিয়র নেতা ইলিয়াস হোসেন আরজু, সুমি আক্তার, স্বাধীন হোসেন, মামুনুর রহমান, ফরিদ হাওলাদার, মহিদুল মামুন ও পারুল বেগমসহ অন্যরা বক্তব্য দেন।সভাপতির বক্তব্যে কালাম ফয়েজী বলেন, দেশে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় অনেক মানুষ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান। তারা পরিবার-পরিজন ছেড়ে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করেন। কর্মসংস্থানের সুযোগ বাড়ানো গেলে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে যেতে হতো না।তিনি বলেন, চলতি মাসের ৯ তারিখ সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৯ বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তাদের অকালমৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কেবল স্বজনরাই উপলব্ধি করতে পারেন। নিহতদের মরদেহ দেশে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগকে তিনি স্বাগত জানান।প্রবাসীদের বিমানবন্দরকেন্দ্রিক হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে কালাম ফয়েজী বলেন, বিদেশে যাওয়ার সময় এবং দেশে ফেরার সময় অনেক প্রবাসী বিভিন্ন ধরনের হয়রানি ও ভোগান্তির অভিযোগ করেন। লাগেজ কাটা, মালামাল খোয়া যাওয়া এবং নানা ধরনের অনিয়মের অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম জমাদ্দার বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষি ও তৈরি পোশাক খাতের পাশাপাশি প্রবাসী কর্মসংস্থান ও রেমিট্যান্স খাতকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিদেশগামী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানো এবং বৈধ পথে বিদেশে যাওয়ার সুযোগ বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীর প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ অবৈধ বা ঝুঁকিপূর্ণ পথে বিদেশে গিয়ে বিপদে পড়ছেন। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর নজরদারি ও ব্যবস্থা নেওয়া দরকার।ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক সুমি আক্তার সংগঠনকে আরও শক্তিশালী করতে নিয়মিত সাংগঠনিক বৈঠকের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নিয়মিত আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব।সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, বিদেশগামী কর্মীদের প্রশিক্ষণ ও যাচাই-বাছাই জোরদার, বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং প্রবাসী পরিবারগুলোর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করার দাবি জানান।



