চৌদ্দগ্রামে ১২ ঘণ্টার ব্যবধানে গৃহবধূসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, দুপুর ০৩:৫৭
  • আপডেট: ১২ আগস্ট ২০২৬, দুপুর ০৩:৫৭
WhatsApp Image 2026-08-12 at 3.48.20 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

​কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, সড়ক দুর্ঘটনায় এবং সাপের কামড়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে নারীসহ তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টা থেকে বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার মধ্যে উপজেলার পৃথক তিনটি স্থানে এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার (৩৩), চৌদ্দগ্রাম পৌর এলাকার শ্রীপুর গ্রামের প্রয়াত কালা মিয়ার ছেলে সামছুল হক (৬৫) এবং গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামের জাহাঙ্গীর কবির (প্রকাশ মনু মিয়া) এর ছেলে আল জাবির অভি (২২)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। ​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামে শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ আক্তার নিজের বাড়িতে বৈদ্যুতিক তারে কম্বল শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় উপজেলার শ্রীপুর গ্রামের সামছুল হক গুরুতর আহত হন। দুটি ঘটনাতেই স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উভয়কেই মৃত ঘোষণা করেন। ​অপরদিকে, মঙ্গলবার রাতে গুণবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে হাঁটার সময় বিষাক্ত সাপের কামড়ে আহত হন তরুণ আল জাবির অভি। কামড় খাওয়ার পর বিষয়টি তাৎক্ষণিক বুঝতে না পেরে তিনি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত বাড়ার সাথে সাথে তীব্র অসুস্থতা বোধ করলে স্বজনদের বিষয়টি অবহিত করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে অভিকে মৃত ঘোষণা করেন। ​চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সোলেমান বাদশা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই বিদ্যুৎস্পৃষ্ট বিলকিছ আক্তার ও সড়ক দুর্ঘটনায় আহত সামছুল হকের মৃত্যু হয়েছিলো। এছাড়া সাপের কামড়ে আহত অভিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত কুমিল্লা মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিলো, তবে সেখানে পৌঁছানোর পর তাঁর মৃত্যুর সংবাদ পান তাঁরা।

Ad