কুমিল্লায় ১১ আসনে ৫৪ মনোনয়নপত্র সংগ্রহ, শীর্ষে বিএনপি; লাকসাম–মনোহরগঞ্জে সর্বাধিক
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনে মোট ৫৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দলের প্রার্থী ও স্বতন্ত্ররা। এর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৯টি। আসনভিত্তিক হিসাবে সর্বাধিক মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে, মোট ১৩টি। কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ চলছে এবং কোথাও আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া যায়নি। আচরণবিধি পর্যবেক্ষণে প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এদিকে কুমিল্লা-৬ (সদর–সদর দক্ষিণ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন জসীমের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র ক্রয় করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী ৯টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


