দেবিদ্বারে মাদক সেবনের দায়ে ১৯ বছরের তরুণকে ৩০ দিনের কারাদণ্ড
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান চালিয়ে অবৈধভাবে মাদক সেবনের অপরাধে মো. সাঈদ (১৯) নামের এক তরুণকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ আগস্ট (সোমবার) উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের গুনাইঘর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সাজাপ্রাপ্ত মো. সাঈদ গুনাইঘর এলাকার মো. ফারুকের ছেলে। প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুনাইঘর এলাকায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ঘটনাস্থল থেকে মাদক সেবনকালে মো. সাঈদকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন,মাদক যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং অপরাধ দমনে উপজেলা প্রশাসনের এ ধরনের কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে প্রশাসন কোনো ছাড় দেবে না। অভিযানকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিতি থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।



