ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ নারী সহ মোট ৯ দালাল চক্রের সদস্য আটক।
ঈশ্বরদী উপজেলা প্রতিনিধিঃ লাবলু বিশ্বাস
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ সকালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৬ নারী সদস্যসহ মোট ৯ জন দালাল কে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
রবিবার (১ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হাসপাতাল চত্বর থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরন করা হয়।
আটককৃতরা হলেন- পাকশী বাঘইল এলাকার মো. ইমরান, দিয়ার বাঘইল এলাকার নূর মোহাম্মদ নূর, মিরকামারী এলাকার শরিফুল ইসলাম, ইস্তা এলাকার আয়েশা, পূর্ব টেংরী এলাকার নূরজাহান খাতুন, উত্তর বাঘইল এলাকার তুলি, বিজয়নগরের শাহনাজ, মাজদিয়া এলাকার রোজিনা এবং আকবরের মোড় এলাকার পারু বেগম।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সূত্রে জানা যায়, দালাল চক্রের সদস্যরা হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার পাশাপাশি হয়রানি করত। দীর্ঘদিন ধরে এমন কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহকারী পরিচালক মো. আনিচ উর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান সহ ঈশ্বরদী থানা পুলিশ ও এনএসআই এর সদস্যরবৃন্দ।



