জামালপুরে আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগ, চারজনের বিরুদ্ধে জিডি

  • প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:৩২
  • আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, বিকাল ০৭:৩৪
images

মোঃ আল-আমিন জামালপুর প্রতিনিধি:


জামালপুর সদর থানায় আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে চারজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


অভিযোগকারী মো. জয়নুল আবেদীন (৩৭), সরিষাবাড়ী উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি তার দায়ের করা জিডিতে উল্লেখ করেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে অভিযুক্তদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের সুযোগ নিয়ে তারা বিভিন্ন সময়ে ধার নেওয়ার কথা বলে তার কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোট ২ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করে।


অভিযুক্তরা হলেন— মো. রবিউল আউয়াল নবু (৫৯), মোছা. নাসরিন আক্তার রেখা (৪৮), মোছা. ইমরুন জাহান নোলক (২৩) এবং মোছা. নুসরাত জাহান তুষ্টি (২১)। তারা সবাই জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকার বাসিন্দা। জানা গেছে, অভিযুক্ত ইমরুন জাহান নোলক জামালপুর পৌরসভায় কার্য সহকারী পদে কর্মরত রয়েছেন।


জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা ধার নেওয়া অর্থ ফেরত না দিয়ে উল্টো বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। এর মধ্যে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে, বিশেষ করে রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ লেনদেনের বিষয়টিও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


গত ৪ এপ্রিল ২০২৬, সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জয়নুল আবেদীন তার পাওনা টাকা ফেরত চাইতে অভিযুক্তদের বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরের চেষ্টা করে বলে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে জিডিতে উল্লেখ রয়েছে। পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে অভিযুক্তরা টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন বলে অভিযোগে বলা হয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগী জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ টি গ্রহণ করা হয়েছে এবং এটা সাব ইন্সপেক্টর বিজয় কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Ad