সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি

  • প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, দুপুর ০৪:১৭
  • আপডেট: ১৭ আগস্ট ২০২৬, দুপুর ০৪:১৭
WhatsApp Image 2026-08-16 at 7.35.26 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

​দীর্ঘ ১০ মাস পার হলেও পূর্ণাঙ্গ রূপ পায়নি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। মাত্র ৫ জন শীর্ষ নেতার কাঁধে ভর করেই চলছে সাংগঠনিক কার্যক্রম। ফলে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত পদ-পদবি না পেয়ে হতাশ ও নিষ্ক্রিয় হয়ে পড়ছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা। ​দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। সেখানে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি এবং আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী ৫ দিনের মধ্যেই একটি পূর্ণাঙ্গ জেলা কমিটি প্রকাশ করা হবে। তবে সম্মেলনের দিন রাতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. আমিরুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে নজরুল হক ভূঁইয়া স্বপনের নাম ঘোষণা ছাড়া আর কোনো অগ্রগতি হয়নি। ​এর আগে ২০০৯ সালের ২৪ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বেগম রাবেয়া চৌধুরী সভাপতি, আমিন উর রশিদ ইয়াছিন সাধারণ সম্পাদক ও মো. মোস্তাক মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০২২ সালের ৩০ মে আমিন উর রশিদ ইয়াছিনকে আহ্বায়ক ও জসিম উদ্দিনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়। ​পরবর্তীতে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি করা হয়। একই বছরের ২৪ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে আরও ৩৬ জন সদস্য যোগ করে ৪১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়। ২৫ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত প্রথম সাংগঠনিক সভার পর কুমিল্লার ৬টি সংসদীয় আসনের আওতাধীন ১০টি উপজেলা, ৪টি পৌরসভা, ১০৭টি ইউনিয়ন এবং ৯৯৯টি ওয়ার্ডে সফলভাবে সম্মেলন সম্পন্ন করা হয়। এসব সম্মেলনে বিএনপির জাতীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন। ​সম্প্রতি গত ১৫ জুলাই কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মহানগর কমিটি আলোর মুখ দেখার পর থেকেই জেলা কমিটির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা এখন দ্রুত পূর্ণাঙ্গ জেলা কমিটির ঘোষণার জন্য উদগ্রীব হয়ে আছেন। ​পদপ্রত্যাশীদের দাবি, পূর্ণাঙ্গ কমিটি দ্রুত গঠিত হলে দীর্ঘদিনের অচলাবস্থা কেটে যাবে এবং পদপ্রত্যাশী তরুণ ও ত্যাগী নেতারা নতুন উদ্যামে দল পুনর্গঠনে ভূমিকা রাখতে পারবেন। ​এ বিষয়ে ১৬ আগস্ট (রোববার) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে।

Ad