আমদিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ই এম মেহেদী হাসানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
কামরুল হাসান জুয়েল, নরসিংদী:
আসন্ন আমদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ই এম মেহেদী হাসানের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য, বরেণ্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রত্যাশা ও এলাকার মানুষের প্রতি দায়িত্ববোধের কথা তুলে ধরেন চেয়ারম্যান পদপ্রার্থী ই এম মেহেদী হাসান।
বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ই এম মেহেদী হাসান বলেন, “দল-মতনির্বিশেষে আমি আপনাদেরই গ্রামের সন্তান। আপনাদের সুখ-দুঃখের সঙ্গে থাকতে চাই, আপনাদের পাশে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন—এটাই আমার প্রত্যাশা।”তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন তাঁর পথচলার সবচেয়ে বড় শক্তি। তিনি সকলের সঙ্গে মিলেমিশে আমদিয়া ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি এ সময় তাঁর বাবা আব্দুস সাত্তার ভূঁইয়া ও চাচা, আমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আনোয়ার হোসেনের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।উঠান বৈঠকটি স্থানীয় পর্যায়ে নির্বাচনী মতবিনিময়ের একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ব্যক্তিরা নিজেদের মতামত তুলে ধরেন এবং এলাকার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আমদিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ও জনসংযোগের মধ্য দিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আলোচনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে।

.webp)

