আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির পরিকল্পনা নস্যাৎ, আন্তঃজেলা চক্রের ৬ সদস্য গ্রেফতার
আলমাস হোসাইন | স্টাফ রিপোর্টার:
আশুলিয়ায় মহাসড়কে ডাকাতির পরিকল্পনা ভণ্ডুল করে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্রসদৃশ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১টা ৫ মিনিটে আশুলিয়া থানার শ্রীপুর এলাকায়, মুক্তা সিএনজি পাম্পের অদূরে নবীনগর-চন্দ্রাগামী মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আনোয়ার হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপসহ ১২-১৩ জনের একটি দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— শহিদুল ইসলাম ওরফে হাতকাটা শহিদ (৪৪), আব্দুর রহিম (৪০), জুয়েল রানা (৪২), মিজান শেখ (৫০), জহুরুল ইসলাম (৪১) এবং আব্দুল মমিন (৪০)। তারা বিভিন্ন জেলা থেকে এসে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করছিলেন।অভিযানকালে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তলসহ পিস্তলের কভার, দুটি সুইচ গিয়ার চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি মোবাইল ফোন এবং বৈদ্যুতিক তার পেঁচানো লাঠি উদ্ধার করা হয়।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সক্রিয় সদস্য। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।



