১৫ লাখ টাকা চাঁদা কাণ্ডে আশুলিয়ার এসআই আনোয়ার ক্লোজড
আলমাস হোসাইন | স্টাফ রিপোর্টার
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার আবারও গুরুতর অভিযোগে আলোচনায় এসেছেন। জিরা বোঝাই একটি ট্রাক আটকে রেখে ১৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ ওঠায় তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ফারুক হোসেন জানান, গত মঙ্গলবার আশুলিয়া এলাকায় তার জিরা বোঝাই একটি ট্রাক থামিয়ে এসআই আনোয়ার জোরপূর্বক ১৫ লাখ টাকা আদায় করেন। পরে বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে ঢাকা জেলা পুলিশ সুপারকে অবহিত করেন।
অভিযোগ পাওয়ার পর ঢাকা জেলা পুলিশ সুপারের সরাসরি হস্তক্ষেপে পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে এসআই আনোয়ার ভুক্তভোগী ফারুক হোসেনকে আদায় করা সম্পূর্ণ ১৫ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হন। ঘটনাটি দ্রুত আশুলিয়া এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে ঢাকা জেলা পুলিশ গত রাতেই এসআই আনোয়ারকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসআই আনোয়ারের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন ধরনের অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। এর মধ্যে একটি গরুর খামার থেকে জোরপূর্বক সাতটি গরু নিয়ে আসার অভিযোগও রয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই আনোয়ারকে ক্লোজড করা হয়েছে। তবে কী কারণে তাকে ক্লোজড করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানেন না বলে উল্লেখ করেন।
এদিকে, একাধিক অভিযোগের পর অবশেষে এসআই আনোয়ারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মনে করছেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।



