কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতে হামলার চেষ্টা: আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০৬
  • আপডেট: ১৬ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০৬
WhatsApp Image 2026-08-15 at 7.55.53 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সরকারি কাজে বাধা প্রদান এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার অভিযোগে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ​শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর মোঘলটুলি ও ইসলামপুর রোড এলাকায় কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) এর উদ্যোগে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন। ​স্থানীয় ও সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীর ফুটপাত ও সড়ক দখলমুক্তকরণ, যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। মোঘলটুলি এলাকায় অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা তাতে বাধা সৃষ্টি করেন। কথাকাটাকাটির একপর্যায়ে আচমকা কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র, চাপাতি ও রামদা নিয়ে ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তা-কর্মচারীদের দিকে তেড়ে আসেন এবং হামলার চেষ্টা চালান। ​এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে একজনকে হাতেনাতে আটক করেন। ​পরবর্তীতে সরকারি কাজে বাধা এবং হামলার চেষ্টার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী আটক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত যুবককে তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। ​এ বিষয়ে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা জানান, নগরবাসীর সুবিধার্থে অবৈধ দখল ও অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই বরদাশত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad