জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় বাউফলে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে বাউফলে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এ সভার আয়োজন করে স্বাস্থ্য বিভাগ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন, ডা. নুরজাহান, এবং বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসাহাক।
সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে নবজাতক, শিশু ও প্রবীণরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ সময় তারা স্বাস্থ্য সচেতনতা বাড়ানো, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই অভিযোজন পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।
সভায় স্থানীয় স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


