বাগমারায় মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার
সৈয়দ মাসুদ :
রাজশাহীর বাগমারায় মমতাজ আক্তার বেবি নামে মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ভবানীগঞ্জ পৌরসভা মহিলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ভবানীগঞ্জ নিউমার্কেটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ আক্তার বেবি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এনামুল হকসহ কারাবন্দি বিভিন্ন নেতার মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন। এ ছাড়া বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করে বাগমারাকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন তিনি। এ অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

.webp)

