দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে বাল্কহেড চুরমার, যোগাযোগ ব্যবস্থা লণ্ডভণ্ড
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দাউদকান্দির খামারপাড়া এলাকায় খিরাই নদের ওপর নির্মিত একটি পুরনো বেইলি সেতু ভেঙে একটি ইটবোঝাই বাল্কহেডের ওপর পড়েছে। রোববার (২ আগস্ট) ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় বাল্কহেডের চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক সাঁতরে তীরে উঠে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বাল্কহেডটি। একই সাথে সেতুটি ভেঙে পড়ার কারণে সংশ্লিষ্ট সড়কে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি উপজেলার লাখো মানুষ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রায় ২৫ লাখ টাকা মূল্যের বাল্কহেডটি নিয়ে ৪০ হাজার ইটবোঝাই করে ঢাকার জিঞ্জিরা থেকে শনিবার ভোরে রওনা দেন এর মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী। ৫০ হাজার টাকা ভাড়ায় চালিত বাল্কহেডটি সন্ধ্যায় দাউদকান্দির খামারপাড়া বেইলি সেতুর নিচে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে পুরো সেতুটি এর ওপর ভেঙে পড়ে। মুহূর্তে বাল্কহেডে থাকা ১৯ জন লোক প্রাণ বাঁচতে নদে ঝাঁপ দিয়ে সাঁতরে তীরে ওঠেন। দুর্ঘটনায় চালক-শ্রমিকদের কারোর প্রাণহানি না হলেও নদের পানিতে তলিয়ে গেছে তাদের সাথে থাকা মুঠোফোন, টাকাপয়সা, জামাকাপড় ও প্রয়োজনীয় সব জিনিসপত্র। অন্যদিকে সেতুচাপায় বাল্কহেডটি দুমড়েমুচড়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মালিক। এলাকাবাসীর অভিযোগ, বহুদিনের পুরনো এই বেইলি সেতুটির পাটাতনগুলো দীর্ঘদিনের বর্ষায় মরিচা পড়ে জরাজীর্ণ হয়ে পড়েছিল। প্রায় সময় পাটাতন দেবে গিয়ে দুর্ঘটনা ঘটলেও তা মেরামতে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। হঠাৎ সেতুটি ধসে পড়ায় দাউদকান্দি উপজেলার সাথে আশপাশের এলাকার সরাসরি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে দাউদকান্দি ছাড়াও চাঁদপুর জেলার মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে দুর্ঘটনাকবলিত সেতু ও যোগাযোগ ব্যবস্থার বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



