ব্রাহ্মণপাড়ায় ২ বছরের সাজা এড়াতে ৪ বছর পালিয়ে থাকা শীর্ষ মাদক কারবারি মাছুম গ্রেপ্তার

  • প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:১৮
  • আপডেট: ২৪ অক্টোবর ২০২৬, দুপুর ০৪:১৮
WhatsApp Image 2026-10-24 at 3.08.30 PM

জিএম মাকছুদুর রহমান:

দুই বছরের সশ্রম কারাদণ্ড থেকে বাঁচতে দীর্ঘ চার বছর ধরে পালিয়ে থাকা মো. মাসুদ ওরফে মাছুম (৩৮) নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ​গ্রেপ্তারকৃত মাছুম ওই গ্রামের মৃত আবদুল বারেক ওরফে বারু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ​পুলিশ সূেত্র জানা গেছে, একটি মামলায় আদালত মাছুমকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। এ ছাড়া ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। ​ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণ তেঁতাভূমি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ​ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাছুমকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

Ad