শব্দের সীমানা পেরিয়ে নতুন জীবনের বাঁকে সম্পদ-নিতু

  • প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৮
  • আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, দুপুর ০৩:৪৮
WhatsApp Image 2026-11-23 at 2.01.55 PM

সেলিম রেজা, নীলফামারী:

অতিথিদের আনাগোনা আর বিয়ের উৎসবমুখর আমেজে মুখরিত বাড়ি। অথচ এই কোলাহলের মাঝেও নবদম্পতির মুখে নেই কোনো শব্দ। চোখের ভাষা আর হাতের ইশারাতেই একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় করছেন তাঁরা। জন্মগতভাবে বাক ও শ্রবণপ্রতিবন্ধী এই দম্পতি শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পারিবারিক সম্মতিতে নতুন সংসারের পথে পা বাড়িয়েছেন।বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারের রেডিও কলোনি এলাকার বাসিন্দা নূর হোসেনের মেয়ে, তাঁদের স্থায়ী বাড়ি মানিকগঞ্জে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর রাতে দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সম্পদ ও নিতু দুজনই জন্ম থেকে বাক ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পরিবারের ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতায় স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছেন।

বরের বাবা গোলাম আজম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সম্পদ ও নিতুর পরিচয় হয়। পরবর্তীতে ঢাকায় অবস্থানরত তাঁর এক বন্ধুর মাধ্যমে কনের পরিবার ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এরপর দুই পরিবারের আলোচনা ও সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। ইতোমধ্যে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে,আগামী ডিসেম্বরের মাঝামাঝি বড় পরিসরে বিয়ের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।ছেলের সক্ষমতা ও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী গোলাম আজম বলেন, “ছয় মাস বয়সে সম্পদের শ্রবণশক্তিতে সমস্যা ধরা পড়ে। নানা স্থানে চিকিৎসা করিয়েও তা সারেনি, সে কথা বলতেও পারে না। তবে সে অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী। নিজের কাজ নিজেই করতে পারে, এমনকি কম্পিউটারের কাজও জানে। আমার সামর্থ্যের মধ্যে তাদের সংসার ভালোভাবেই চলবে বলে বিশ্বাস করি।দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে সম্পন্ন এই বিয়েতে নবদম্পতির সুখ-শান্তি ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন স্বজন ও প্রতিবেশীরা। শব্দের প্রয়োজন ছাড়াই পারস্পরিক বোঝাপড়ায় গড়ে ওঠা এই সম্পর্ক সমাজে ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

Ad