কুমিল্লা সীমান্তে ৫২ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

  • প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, বিকাল ০৫:৫৭
  • আপডেট: ২৮ জুলাই ২০২৬, বিকাল ০৫:৫৭
WhatsApp Image 2026-07-28 at 4.47.12 PM

জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সরাইল রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত দুই মাসে অন্তত ২৫টি 'পুশইন' প্রচেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। ​মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত বিজিবির ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এ মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। ​বিজিবি সূত্রের তথ্যমতে, কুমিল্লা ১০ বিজিবি ও সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা বাজারমূল্যের এসব মাদকের চালান জব্দ করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত এ বিশাল মাদকের চালান ধ্বংস করা হয়।​অনুষ্ঠান শেষে ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। ফলে গত দুই মাসে অন্তত ২৫টি অনুপ্রবেশের চেষ্টা (পুশইন) নস্যাৎ করা সম্ভব হয়েছে। তিনি জানান, সম্প্রতি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করে ফেরত পাঠানো হয়। ​তিনি আরও উল্লেখ করেন, মাদকের চালান, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তজুড়ে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তা আরও জোরদার করতে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন ব্যবহার বাড়ানো হয়েছে। একই সাথে সীমান্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে, যাতে যেকোনো ধরনের সীমান্ত অপরাধ কার্যকরভাবে দমন করা যায়।

Ad