বিক্ষোভ ও পালটা অবস্থানের মুখে কুমিল্লায় বন্ধ হলো তাহেরীর মাহফিল
জিএম মাকছুদুর রহমান:
প্রশাসনের অনুমোদন না থাকা এবং স্থানীয় প্রতিবাদ ও পালটা অবস্থানের কারণে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্ধারিত মাহফিল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার অলিরবাজারে আয়োজনটি হওয়ার কথা থাকলেও আগের দিন থেকেই সেখানে উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অলিরবাজারে তাহেরীর মাহফিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে মাহফিল বন্ধের দাবি জানান। একপর্যায়ে অনুমোদনহীন এ আয়োজন ঘিরে দুই পক্ষের অনড় অবস্থানে এলাকায় উত্তেজনা তৈরি হয়।হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই মাহফিলের আয়োজন করা হচ্ছিল এবং আয়োজনটি প্রতিহত করার বিষয়ে তারা অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন মাহফিল আয়োজনের বিষয়ে তাদের দৃঢ় অবস্থানের কথা জানান।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাহফিল বন্ধ করে দেন এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, অনুমতি না থাকায় অলিরবাজারে মাহফিলটি করতে দেওয়া হয়নি এবং বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



