চান্দিনায় মহাসড়কে অবরোধ, ভোগান্তিতে হাজারো যাত্রী
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এই অবরোধে চান্দিনা ও দেবিদ্বার উপজেলার আশপাশের কয়েকটি গ্রামের মানুষ অংশ নেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধের খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি ফুটওভারব্রিজ বা বিকল্প কোনো নিরাপদ পারাপারের ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। হাইওয়ে পুলিশ ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মবিন জানান, অবরোধ প্রত্যাহারের পর যান চলাচল সচল করা হয়েছে, তবে সৃষ্ট যানজট কাটাতে কিছুটা সময় লেগেছে। প্রসঙ্গত, গত ১ এপ্রিল একই স্থানে সড়ক পার হতে গিয়ে লরিচাপায় বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইবনে তাইম নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে ৩ এপ্রিল এলাকাবাসী মানববন্ধনও করে। স্থানীয় বাসিন্দা ও আন্দোলনকারী আসাদুজ্জামান রাসেল বলেন, কাঠেরপুল এলাকা চান্দিনা ও দেবীদ্বারের সংযোগস্থল হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করে। গত তিন বছরে এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত ফুটওভারব্রিজ, ইউলুপ কিংবা আন্ডারপাস নির্মাণের দাবি জানান তারা। তবে প্রশাসনের একটি অংশ মনে করছে, এ দাবির যৌক্তিকতা নিয়ে আরও বিশ্লেষণ প্রয়োজন। তাদের মতে চান্দিনা অংশের প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে ইতোমধ্যে পাঁচটি ফুটওভারব্রিজ রয়েছে, কিন্তু সেগুলোর ব্যবহার যথেষ্ট নয়। তাই অবকাঠামো নির্মাণের পাশাপাশি সচেতনতা বাড়ানোও জরুরি। সড়ক ও জনপথ অধিদপ্তরের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, নতুন করে ফুটওভারব্রিজ বা ইউলুপ নির্মাণের জন্য প্রথমে লিখিত আবেদন করতে হয়। এরপর সংশ্লিষ্ট টেকনিক্যাল টিম পরিদর্শন করে প্রয়োজনীয়তা যাচাই করে সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সংসদ সদস্য আতিকুল আলম শাওন জানান, কাঠেরপুল এলাকায় একটি ইউলুপ নির্মাণ কার্যকর সমাধান হতে পারে। যদিও এটি সময়সাপেক্ষ, তবুও দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করার চেষ্টা চলছে।



