আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে রাজপথে বিএনপি, নেতৃত্বে আরডিএ চেয়ারম্যান সুইট
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা প্রতিহত করার ঘোষণা দিয়ে রাজশাহীর রাজপথে অবস্থান নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এসব তৎপরতা প্রতিহত করা হবে।
আবুল কালাম আজাদ সুইট বলেন, “যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, জনগণের অধিকার হরণ করেছে এবং রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে, তাদের আর রাজনীতির নামে মাঠে নামতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে থেকেই সব ধরনের অপতৎপরতার জবাব দেবে।”তিনি আরও বলেন, দেশের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে এবং রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম বরদাশত করা হবে না।কর্মসূচিতে মহানগর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন।বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন থাকতে হবে, যাতে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে। একই সঙ্গে তারা দেশের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



