বোন, ভাগ্নি ও নাতিকে প্রতারণার মাধ্যমে ঠকানোর অভিযোগ: ইটনা উপজেলা জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩৬
  • আপডেট: ১৮ নভেম্বর ২০২৬, বিকাল ০৬:৩৬
1000294590

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের ইটনা উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হাফেজ আবুল খায়েরের বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি আত্মসাৎ, ওয়ারিশদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করা, জমি ও অর্থ হাতিয়ে নিতে প্রতারণা এবং জাল দলিল তৈরির অভিযোগ উঠেছে। এ ছাড়া পরিবারের নারী সদস্যদের হয়রানি, হুমকি, মারধর ও বাড়িঘরে হামলার অভিযোগও তুলেছেন তাঁর স্বজনেরা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, সম্পত্তি ফেরত এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাঁরা জানান, রাজনৈতিক ও সামাজিক প্রভাব কাজে লাগিয়ে হাফেজ আবুল খায়ের পরিবারের সদস্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে নানা ধরনের অনিয়ম ও প্রতারণা করেছেন বলে তাঁদের অভিযোগ। বিশেষ করে বাবার মৃত্যুর পর বড় বোন মারজান আক্তারকে তাঁর প্রাপ্য ওয়ারিশি সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁদের দাবি, বাবার স্থাবর-অস্থাবর সম্পত্তি বণ্টন ও বিক্রির ক্ষেত্রেও জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। প্রচলিত আইন ও ইসলামী শরিয়াহ অনুযায়ী প্রাপ্য অংশ থেকেও তাঁকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।


ভুক্তভোগীদের অভিযোগ, বড় বোনের মেয়ে মাতাহারা আক্তারের কাছ থেকে জমি বিক্রির কথা বলে সম্পূর্ণ টাকা নেওয়া হলেও পরবর্তী সময়ে মাত্র ৩৫ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়। বাকি জমির বিষয়ে জানতে চাইলে তাঁকে একটি কথিত ভুয়া দলিল দেওয়া হয়। এ নিয়ে জমির মালিকানা সংক্রান্ত বিরোধ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।


লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পরিবারের বিধবা সদস্য রুমা আক্তারকে বাড়ি নির্মাণ করে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে এক লাখ টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও বাড়ি নির্মাণ করে দেওয়া হয়নি। পরবর্তী সময়ে টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দেওয়া হয় বলে দাবি করেন স্বজনেরা।


এ ছাড়া রুমা আক্তারের নাতি সাইফুল ইসলামের কাছ থেকেও জমি বিক্রির প্রলোভন দেখিয়ে কথিত ভুয়া দলিলের মাধ্যমে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়। এ ঘটনায়ও আদালতে মামলা চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।


ভুক্তভোগী পরিবারের সদস্যদের আরও অভিযোগ, এসব অনিয়ম ও প্রতারণার প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে পাল্টা মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি বাড়িঘরে গিয়ে হামলা, মারধর এবং পরিবারের নারী সদস্যদের শ্লীলতাহানির মতো ঘটনাও ঘটেছে বলে তাঁরা দাবি করেন। এসব ঘটনার কারণে পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, একজন রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের অবস্থানে থেকে যেখানে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার প্রত্যাশা থাকে, সেখানে পরিবারের অসহায় সদস্যদের সম্পত্তি নিয়ে এমন অভিযোগ ওঠা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা পারিবারিকভাবে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করেও কোনো কার্যকর সমাধান পাননি বলে দাবি করেন।


এ সময় সংবাদ সম্মেলন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাদের মাধ্যমে অভিযোগগুলোর নিরপেক্ষ সাংগঠনিক তদন্ত করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে দলীয় পদ থেকে বহিষ্কার করা।


পাশাপাশি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আত্মসাৎ করা অর্থ ও সম্পত্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ এবং পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।


ভুক্তভোগীরা জানান, তাঁদের অভিযোগের সমর্থনে কথিত জাল দলিল, আর্থিক লেনদেনের প্রমাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র রয়েছে। প্রয়োজনে এসব নথি সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করবেন তাঁরা।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল খায়ের মোহাম্মদ নুরুল্লাহ বলেন, আমার দুই বোনের ছেলেদের মধ্যে ঝগড়া হলে সেখানে উপস্থিত না থেকেও আমাকে তিনটি মামলার আসামি করা হয়। মামলাগুলো আমার পক্ষে নিষ্পত্তি হওয়ায় তাঁরা আমার মানহানির উদ্দেশ্যে দেন-দরবার করতে চাইলে আমি তাতে সম্মতি জানাই। কিন্তু তাঁরা আলোচনায় না বসে বিভিন্ন জায়গায় আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আমার বড় বোন মারজান নিজেই বিক্রি করে নিয়ে গেছেন।

Ad