বরগুনায় গ্রাম আদালত কার্যক্রম নিয়ে সমন্বয় সভা

  • প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০১:৫১
  • আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ০১:৫১
1000271136

বরগুনা জেলা প্রতিনিধি:

বরগুনায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় বিভিন্ন ইউনিয়নের বিবাহ নিবন্ধক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন। ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ—৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় আয়োজিত সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে স্থানীয় বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রাম আদালতের কার্যক্রম, এখতিয়ার ও সুবিধা সম্পর্কে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা জরুরি। বক্তারা আরও বলেন, স্থানীয় পর্যায়ের অংশীজনদের সম্মিলিত উদ্যোগ এবং কার্যকর প্রচার-প্রচারণার মাধ্যমে গ্রাম আদালতের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব।


উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার সুযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর তাজওয়ার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম কিবরিয়া নাঈম, সিনিয়র সাংবাদিক জাকির হোসেন মিরাজ এবং মনির হোসেন কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Ad