বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্রসহ ৮ দফা দাবিতে স্মারকলিপি
বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় নারীবান্ধব আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানি, ব্যবহারযোগ্য টয়লেট, পর্যাপ্ত আলো ও নারীর নিরাপত্তাসহ ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০টি নারী দলের প্রতিনিধিরা। ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার JAGO NARI-এর Women Lead in Emergencies (WLiE) প্রকল্পের উদ্যোগে এবং CARE Bangladesh-এর সহযোগিতায় পাথরঘাটার ছোটবগী, পাথরঘাটা সদর ও আয়লাপাতাকাটা ইউনিয়নের প্রায় ২৪০ জন নারী প্রতিনিধি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। প্রকল্পটি AFD-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। স্মারকলিপিতে দুর্যোগকালীন নারীদের জন্য নিরাপদ আশ্রয়, স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থবহ অংশগ্রহণ, সরকারি সেবা ও জীবিকার সুযোগ, নিরাপদ খাবার পানি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যোগ্য নারী জেলেদের জেলে কার্ড প্রদান এবং বিভিন্ন স্থানীয় কমিটিতে প্রান্তিক নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে WLiE নারী দলগুলোর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও নিবন্ধনের দাবিও তুলে ধরা হয়। নারী দলের সদস্যরা বলেন, নারীদের শুধু সহায়তার গ্রহীতা হিসেবে নয়, বরং স্থানীয় পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
অনুষ্ঠানে বরগুনার সূযোগ্য জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, JAGO NARI-এর নির্বাহী প্রধান হোসনে আরা হাসিসহ গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক নারী দলের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।



