দেবিদ্বারে সিএনজি চালকের ওপর নৃশংস হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ
জিএম মাকছুদুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে সামান্য পূর্বশত্রুতার জেরে বিল্লাল হোসেন (৪০) নামে এক সিএনজি অটোরিকশা চালকের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। গত ২০ জুলাই (সোমবার) রাতে দেবিদ্বার থানাধীন পশ্চিম ফতেহাবাদ গ্রামস্থ সোহবান মার্কেট সংলগ্ন পাকা রাস্তায় এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তার পথরোধ করে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানোর পাশাপাশি এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালানো হয় এবং তার কাছে থাকা নগদ ১,৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। আহত বিল্লালের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তার মাথায় ও শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে হারুনুর রশিদ শিহাব (৬৫), আবুল হোসেন (৩৫), ফয়সাল ওরফে কালা (১৮) ও মো: খায়ের (২৫)-সহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ২২ জুলাই (বুধবার) রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর পুলিশ সরেজমিনে তদন্ত চালিয়েছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ভুক্তভোগী পরিবার এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


