ধামসোনা ইউনিয়নের আলেম সমাজের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমাস হসাইন | স্টাফ রিপোর্টার :
ধামসোনা ইউনিয়নকে একটি সমৃদ্ধ, আধুনিক ও ঐক্যবদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাইপাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় ধর্মীয় মূল্যবোধ, সুশাসন এবং স্থানীয় উন্নয়নকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে আসে, যা উপস্থিতদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী (দা. বা.)। তিনি বলেন, একটি সমাজের সার্বিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে নেতৃত্বের সততা ও নৈতিকতার ওপর। নৈতিকতা থেকে বিচ্যুত ব্যক্তির মাধ্যমে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। তাই তিনি জনগণকে সৎ, দায়িত্বশীল ও আদর্শবান প্রার্থী নির্বাচনের আহ্বান জানান। পাশাপাশি তিনি উল্লেখ করেন, নেতৃত্ব এমন ব্যক্তির হাতে থাকা উচিত, যিনি মানুষের কল্যাণে নিবেদিত এবং আল্লাহভীরু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন এবং সঞ্চালনা করেন মুফতি আল আমীন খন্দকার আমীনী।এ সময় বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম, মাওলানা ইলিয়াস, মাওলানা আজহারুল ইসলাম, মাওলানা আবু বক্কর, মাওলানা আবু সালেহ, মাওলানা আলমগীর, মাওলানা নাসির উদ্দীন, মাওলানা আলমগীর হোসেন জাফরী, মাওলানা আমীর হোসেন ও মাওলানা সাইফুল্লাহ প্রমুখ। বক্তারা ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন; বরং একজন সাধারণ মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন এবং আলেম-ওলামাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নের প্রতিটি সড়ক উন্নয়নের আওতায় আনার পাশাপাশি শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মতবিনিময় সভাটি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলে। উপস্থিত অনেকেই উন্নয়ন পরিকল্পনা ও সুশাসনের প্রতিশ্রুতিকে স্বাগত জানান। সংশ্লিষ্টদের মতে, আসন্ন নির্বাচনকে ঘিরে এ ধরনের সভা এলাকার রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে।



