চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বিষয়ক ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
"শিক্ষার সাথে পুষ্টি, ঝরে পড়া রোধ নিশ্চিত—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি বাস্তবায়ন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক প্রধান শিক্ষকগণের ওরিয়েন্টেশন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার শহরের ঐতিহাসিক শহীদ সাটু হল-এ এই গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: নূরুল ইসলাম বুলবুল, জেলা পরিষদের প্রশাসক জনাব মো: হারুনুর রশীদ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) জনাব মো: আবুল আমিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (আইএমডি) জনাব মোহাম্মদ শহিদুল ইসলাম।
সভয় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মো: মুসা জঙ্গী।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি বলেন, "প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে শিক্ষার্থীদের পুষ্টির কোনো বিকল্প নেই। অনেক শিশু পুষ্টিহীনতার কারণে ক্লাসে মনোযোগ দিতে পারে না এবং অনেকেই স্কুল থেকে ঝরে পড়ে। এই ফিডিং কর্মসূচি চালুর ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বাড়বে, তেমনি তাদের মেধা বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে এই প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন।বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য জনাব মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক অঞ্চলের শিশুদের শিক্ষাজীবনকে আরও আনন্দদায়ক ও টেকসই করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি শিক্ষক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।সভার মূল লক্ষ্য ও সিদ্ধান্ত পুষ্টি নিশ্চিতকরণ: প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি শিশুর জন্য পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করা।ঝরে পড়া রোধ: শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতে আকর্ষণীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ।শিক্ষার মানোন্নয়ন: শ্রেণিকক্ষে পাঠদান আরও যুগোপযোগী ও আনন্দদায়ক করা।শিক্ষকদের ভূমিকা: প্রধান শিক্ষকগণকে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়ে তদারকি জোরদার করার পরামর্শ দেওয়া হয়।
পরিশেষে, মুক্ত আলোচনা পর্বে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রধান শিক্ষকগণ ফিডিং কর্মসূচি চালুর বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সফল সমাপ্তি ঘটে।



