লামায় বৃদ্ধাশ্রমের জমি নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন
মোঃ আবদুল্লাহ (আল্-মামুন):
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে একটি বৃদ্ধাশ্রমের জমির সীমানা ও মালিকানা বিরোধকে কেন্দ্র করে সালিশি বৈঠকে উত্তেজনা ছড়িয়ে পড়ে । একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালিত বৃদ্ধাশ্রমের জমির সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় গফুর ম্যানেজার পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল । বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় দলিল-দস্তাবেজসহ সালিশি বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয় ।
সালিশি বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।
কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করেন, পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষের বৈধ কাগজপত্র উপস্থাপনের কথা ছিল । তাদের পক্ষ প্রয়োজনীয় দলিলাদি উপস্থাপন করলেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি । এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষের ঘটনা ঘটে ।
তবে অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে ।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে । জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে । স্থানীয় বাসিন্দারা দ্রুত বিরোধ নিষ্পত্তি এবং স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন ।



